তুরাগ নদী থেকে বৃদ্ধা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ১৪ দিন পর তুরাগ নদীতে ভাসছিল অর্ধগলিত এক বৃদ্ধা নারীর লাশ। মঙ্গলবার (৩০ডিসেম্বর) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ি এলাকার তুরাগ নদী থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী এলাকার মৃত সোনাউল্লাহর স্ত্রী পরীবানু (৭৫)। 

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, পরীবানু গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার পর কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকার তার নিজ বাসা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি পোস্টারিং ও মাইকিং করেও তার সন্ধান মেলেনি। তাকে না পেয়ে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে উপজেলার বড়ইবাড়ি এলাকার তুরাগ নদীর ওপর নির্মিত ব্রিজের মাঝখানের খুঁটিতে পানিতে ভাসছিল একটি লাশ। তার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায় জেলেরা। পরে কালিয়াকৈর থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। ওই এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে নিখোঁজ বৃদ্ধা পরীবানুর স্বজনরা তুরাগ নদীর তীরে ছুটে যান। এ সময় তারা ওই বৃদ্ধা নারী পরীবানুর লাশ সনাক্ত করেন। তবে পরিবারের স্বজনদের দাবি, বৃদ্ধা পরীবানুর স্মৃতি শক্তি কম ছিল। 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) তাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তুরাগ নদী থেকে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।