তীব্রতা শীতে ত্রিশালে জনজীবন ব্যাহত

ময়মনসিংহের ত্রিশালে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তিব্র শীতের কারণে উপজেলার ১২টি ইউনিয়নে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার আমিরাবাড়ী, মোক্ষপুরসহ বেশ কিছু ইউনিয়নে জায়গায় জায়গায় গোল হয়ে বসে শীতার্তরা খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

এসময় আগুন পোহাতে পোহাতে আমিরাবাড়ী ইউনিয়ন শিশু জান্নাত বলেন, কয়েক দিন ধরে দিনে ও রাতে প্রচুর শীত পড়েছে। তাই শরীর গরম করতে আমরা কয়েকজন গোল হয়ে আগুন পোহাচ্ছি।

শিশু নিলয় বলেন, বেশ কিছু দিন ধরে শৈত্য প্রবাহের কারণে শরীর ঠান্ডা বরফের মতো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাত-পা জমে গেছে তাই নিরাপদ দূরত্বে বসে আগুন পোহাচ্ছি।

সিএনজি চালক বাতেন মিয়া বলেন, কয়েক দিন ধরে শৈত্য প্রবাহের কারণে গণ কুয়াশায় রাস্তাঘাট ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই গত দুইদিন গাড়ি নিয়ে রাস্তায় বের হয়নি। কিন্তু আজ পেটের দায়ে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে আছে। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে আল্লাহ সহায়।

এবিষয়ে কৃষক সাইফুল বলেন, শৈত্য প্রবাহের কারণে কৃষি কাজের অনেক ক্ষতি হচ্ছে। বিশেষ করে বারো ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এখন হাজার টাকা খরচ করেও অতিরিক্ত শীতের কারণে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না।

ময়মনসিংহ আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এটি শৈত্য প্রবাহ না। ঘন কুয়াশা ও বাতাসের কারণে শীত একটু বেশি। তবে দুই একদিনের মধ্যে কুয়াশা কেটে গেলে শীত কমে যাবে এবং প্রকৃতি স্বাভাবিক হয়ে যাবে।