খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অংশ নেবেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের ঢাকায় আগমনের সময় আগামীকাল বুধবার।

খালেদা জিয়ার মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন ইসহাক দার। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি লিখেছেন, “আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।”

এর আগে গত ২৪ আগস্ট বাংলাদেশ সফরে এসে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের এই উপ-প্রধানমন্ত্রী। সেসময় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় তিনি যান এবং দুই দেশের মানুষের সম্পর্ক স্বাভাবিকীকরণ ও দেশীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।