ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম (২৫) এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নোয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। সে জিনারদী ইউনিয়ন ছাত্রদলের রাজনীতি করতেন। আর শেকেরচর হাটে ব্যবসা করতেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল সোমবার রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তার মুঠোফোনে একটি কল আসে। জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয় তাকে। নোয়াপাড়ায় পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা জাহিদুলকে দ্রুত উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, জাহিদুলকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।