খালেদা জিয়ার জানাজার সময় রুটে যান চলাচলে বিধিনিষেধ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এ সময় মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে একটি নির্ধারিত রুট অনুসরণ করে বহন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনভয়টি এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, কুড়িল ফ্লাইওভার, নৌ সদর দপ্তর হয়ে গুলশান এভিনিউ অতিক্রম করবে। এরপর এটি গুলশান-২, কামাল আতাতুর্ক এভিনিউ, এয়ারপোর্ট রোড, মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং দিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেটের মাধ্যমে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।

পুলিশ জানিয়েছে, মরদেহ বহনকারী কনভয়ের চলাচলের সময় সংশ্লিষ্ট সড়কগুলিতে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ কারণে নগরবাসীর চলাচলে কিছুটা অসুবিধা হতে পারে। ডিএমপি জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছে।