বেগম জিয়ার মৃত্যুতে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক 

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেন চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ। 

ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

শোকবার্তায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলা হয়, ‘বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে তার নেতৃত্ব ছিল সাহসী, দৃঢ় ও ঐতিহাসিক। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশ পরিচালনায় দায়িত্বশীলতা, জাতীয় স্বার্থ রক্ষা এবং শিক্ষা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

গভীর শোক প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘একজন সংগ্রামী নারী নেতা হিসেবে তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, নির্যাতন ও অবিচল প্রত্যয়ের অনন্য দৃষ্টান্ত। জাতি আজ এক অভিভাবকসম নেত্রীকে হারাল।’