মাকে নিয়ে জানাজাস্থলে যাচ্ছেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলের উদ্দেশে নিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় গুলশানে নিজের বাসা থেকে মানিক মিয়া এভিনিউ এর উদ্দেশে গাড়িবহন নিয়ে রওনা হন।

গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে যাচ্ছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার স্বজনেরাও গাড়িবহরে রয়েছেন।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হবে। দেশ-বিদেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের বাইরে সর্বস্তুরের মানুষজন সেখানে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন।

এর আগে এদিন সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল।

ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহ গাড়ির পাশে একটি চেয়ারে বসে কুরআন তেলাওয়াত ও দোয়া পড়ছেন ছেলে তারেক রহমান।

এই বাসাতেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখেন পরিবার, আত্মীয় স্বজন ও দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং গাড়িটি জাতীয় পতাকায় মোড়ানো ছিল। গাড়িটির সামনে ও পেছনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা।

জানাজা শেষে খালেদা জিয়াকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।