জার্মান ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি

ক্রিসমাসের দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে জার্মানির একটি ব্যাংকের ভল্টে ঢুকে নগদ অর্থ, সোনা ও গয়না মিলিয়ে প্রায় ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৪৫০ কোটি টাকা) লুট করেছে একটি ডাকাত দল। পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

পশ্চিম জার্মানির নর্থ রাইন–ওয়েস্টফালিয়া রাজ্যের গেলজেনকির্শেন শহরে স্পারকাসে সেভিংস ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটে। পার্কিং গ্যারেজ থেকে বড় ড্রিল ব্যবহার করে ভল্ট কক্ষে ঢুকে ডাকাতরা তিন হাজারের বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে ফেলে।

পুলিশ জানায়, গত সপ্তাহে ক্রিসমাস উপলক্ষে ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ডাকাতরা কয়েক দিন ধরে ভেতরে অবস্থান করে লুটপাট চালিয়ে থাকতে পারে। সোমবার ভোরে একটি অগ্নি–সতর্কতা সংকেতের পর ঘটনাটি ধরা পড়ে।

পুলিশ কর্মকর্তারা এই ডাকাতিকে অত্যন্ত পরিকল্পিত বলে বর্ণনা করে একে জনপ্রিয় চলচ্চিত্র ‘ওশানস ইলেভেন’-এর সঙ্গে তুলনা করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ মিলিয়ন ইউরো ধরা হলেও অনেক গ্রাহকের দাবি, তাদের প্রকৃত ক্ষতি বিমা কাভারেজের চেয়েও বেশি।

ঘটনার পর ব্যাংকের সামনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ভিড় জমে। নিরাপত্তাজনিত কারণে শাখাটি বন্ধ রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ হটলাইন চালু করেছে এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু করার কথা জানিয়েছে।