তারেক রহমানকে সমবেদনা জানাবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশে আসছেন। এদের মধ্যে রয়েছেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডুয়েন ডিঙ্গেল।

আজ বুধবার জানাজার আগেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিশ্বনেতাদের। দেশে নামার পরে তারা সরাসরি সংসদ প্লাজায় যাবেন। সেখানে তারেক রহমানকে সমবেদনা জানাবেন। সরকারের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। 

এদিকে খালেদা জিয়ার লাশ রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে জানাজাস্থলের দিকে নেওয়া হচ্ছে। বুধবার বেলা ১১টার দিকে রওনা দেয়। এর আগে বুধবার সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত এভার কেয়ার হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় লাশবাহী গাড়িটি প্রবেশ করে। এ সময় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।