কারওয়ান বাজার থেকে যানচলাচল বন্ধ, হেঁটেই জানাজায় যাচ্ছে মানুষ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢলের মতো মানুষ জানাজাস্থলের দিকে যাচ্ছে। এতে কারওয়ানবাজারসহ আশেপাশের এলাকায় স্বাভাবিক যানচলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার পর থেকেই কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেলের গোলচত্বর ও তেজগাঁও রেলগেট এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জানাজায় অংশ নিতে আসা মানুষজন হেঁটে ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েও হেঁটে চলাচল করছেন অনেকে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি যেন মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যায়। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা হয়েছে।

জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ছাড়াও সেনাবাহিনী, এপিবিএন, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ১০ হাজারেরও বেশি বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়েছে এবং কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব এই জানাজার নামাজ পড়াবেন। রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগর কবরস্থানে শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।