খালেদা জিয়ার জানাজা

মানিক মিয়া ছাড়িয়ে মানুষের কাতার কারওয়ান বাজারে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় ব্যাপক মানুষের সমাগম হয়েছে। জানাজায় অংশ নিতে আসা মানুষ অ্যাভিনিউয়ে জায়গা না পেয়ে আশপাশের ভবন, গলি ও রাস্তায় ছড়িয়ে পড়েছে। যে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই কাতার তৈরি করেছেন। মানুষের কাতার কারওয়ান বাজার ছাড়িয়েও চলে গেছে।

সরেজমিন দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউ লোকে লোকারণ্য। জানাজার কাতারে জায়গা না পেয়ে পেছনের দিকে ফিরতে থাকে মানুষ। এ সময় বিভিন্ন ভবনের গ্যারেজ, গলি, ছোট-বড় ফাঁকা জায়গায় অবস্থান নিতে থাকেন তারা, দাঁড়িয়ে যান কাতার সোজা করে।

রাজধানীর মিরপুর থেকে আসা মোহাম্মদ রফিক বলেন, এত মানুষ। কোনোভাবেই মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকতে পারলাম না। বরং যারা মানিক মিয়ায় ছিলেন, তারা উলটো দিকে ফিরছেন। হাজার হাজার মানুষের চাপে আমিও উলটা পথে এসে এখানে অবস্থান নিয়েছি।

মতিঝিল থেকে আসা মোহাম্মদ উজ্জ্বল বলেন, আগে কারো জানাজায় এত মানুষ দেখিনি। আমি খামারবাড়ি মোড়ে ছিলাম। হঠাৎ প্রচুর ধাক্কাধাক্কিতে পড়ে গেলাম। দেখলাম, মানিক মিয়া থেকে লোকজন এদিকে ফিরছে, সামনে আর জায়গা নাই।