যানজটের কারণে ক্রিকেট ম্যাচ পিছিয়ে যাওয়ার ঘটনা এর আগে দেখা গেছে। এমনকী একবার রাস্তায় যানজট থাকায় সাইকেল চালিয়ে মাঠে পৌঁছোতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের কয়েক জন ক্রিকেটারকে। কিন্তু এবার ঘটল ব্যতিক্রমী এক ঘটনা। মঙ্গলবার স্টেডিয়ামে যাওয়ার পথে বিপাকে পড়েন পার্থ স্কর্চার্সের কয়েকজন ক্রিকেটার। মাঝপথে তাদের ভাড়া করা উবারের ট্যাক্সি বিকল হয়ে যায়।
লরি ইভান্স, অ্যাশটন আগার, অ্যারন হার্ডি ও মাহলি বিয়ার্ডম্যান স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছিলেন। মাঝপথে গাড়ি বন্ধ হয়ে গেলে তারা গাড়ি থেকে নেমে সেটি ঠেলে চালু করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত গাড়িটি সচল হলে তারা আবার উঠে যাত্রা সম্পন্ন করেন। ম্যাচ সম্প্রচারের সময় এই অপ্রত্যাশিত ঘটনা ফাঁস হয়ে যায়। পরে লরি ইভান্স হাস্যরসের সঙ্গে ঘটনাটি বর্ণনা করলে দর্শক ও ধারাভাষ্যকারদের মধ্যে হাসির রোল ওঠে।
ক্রিকেটারদের গাড়ি ঠেলার দৃশ্য বেশ কয়েকজন পথচারী ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অবশ্য হাসিমুখেই ক্রিকেটারদের গাড়ি ঠেলতে দেখা যায়। গাড়ি ঠেলার প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েনি। ব্যাটিংয়ে নেমে অ্যাশটন টার্নারের অপরাজিত ৯৯ রানে ভর করে পার্থ স্কর্চার্স তোলে ২০২ রান। শেষ ব্যাটার আউট হওয়া টার্নার সেঞ্চুরি পাননি। জবাবে সিডনি থান্ডার মাত্র ১৩১ রানে অল-আউট হয়ে যায়।