ককটেল-বিয়ারসহ আটক হাত পাখার প্রার্থীর ভাই-ভাতিজা

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে অভিযান চালিয়ে ককটেল, বিয়ার ও দেশীয় অস্ত্রসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর দুই ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মুন্সীগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সুমন দেওয়ানের ভাই আবুল কালাম দেওয়ান (৫৮) ও মামুন দেওয়ান (৪৮) এবং ভাতিজা রিয়াদ হোসাইন (২৫)। এ সময় তাদের কাছ থেকে ২টি ককটেল, ৪ ক্যান বিয়ার, ১টি বুলেট প্রুফ জ্যাকেট, ২টি গ্যাস মাস্ক, ১টি চাইনিজ কুড়াল ও ৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. তানজিমুল হাসানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টা থেকে গতকাল ভোর ৪টা পর্যন্ত সদরের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ককটেল, বিয়ার ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃত মামুন দেওয়ান একটি হত্যা মামলার পলাতক আসামি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। গতকাল গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে ইসলামী আন্দোলনের মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সুমন দেওয়ানের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল হলেও তিনি কল গ্রহণ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।