রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশা চালক নয়ন তালুকদার (৭০) ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক (২১)।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে ফ্লাইওভারটির মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার খান জানান, ভোরে ফ্লাইওভারটির মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী ধলপুরে থাকতেন। ইয়াসিন থাকতেন দক্ষিণ মুগদায়। তার বাবার নাম ইব্রাহিম বাবু। ২০২৫ সালে সিটি কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেছেন।
দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।