পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসা মাঠে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ছারছিনা পীর ছাহেবের ১০৭তম বার্ষিক হিযবুল্লাহ সম্মেলন ও ঈছালে ছাওয়াব মাহফিল।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত ও তরিকত হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (পীর ছাহেব কেবলাহ), ছারছিনা দরবার শরীফ।
মাদরাসা এন্তেজামিয়া কমিটি জানায়, শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী তালীমি কার্যক্রম শুরু হবে। দেশবরেণ্য ওলামায়ে কেরাম পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ওয়াজ-নসিহত করবেন।
জুমার নামাজের পর মিলাদ, দোয়া এবং দেশ-জাতির কল্যাণ কামনায় আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।
মাহফিল ঘিরে মাদরাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পীর ছাহেব কেবলার আগমনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকেরা সর্বস্তরের তৌহিদী জনতাকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।