পদত্যাগের পরদিন ড. ইউনূসের বিশেষ সহকারীকে একই পদে ফের নিয়োগ

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেন বুধবার (৩১ ডিসেম্বর)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তাকে পুনরায় একই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অধ্যাপক সায়েদুর রহমান জানান, চাকরির মেয়াদ শেষ হওয়ায় পদত্যাগ করেছিলেন তিনি। তিনি বলেন, রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবে এটা করতে হয়েছে। আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করব। সবার দোয়া এবং সহযোগিতা চাই।

এর আগে বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আজ আমার চাকুরীজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।