দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো ডিসেম্বরে

সদ্যবিদায়ী বছরের ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানানো হয় এটি।

হালনাগাদ তথ্যে বলা হয়, ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে প্রায় ৩৪ কোটি ডলার বেশি। আর গত বছরের ডিসেম্বরের চেয়ে ৫৯ কোটি ডলার বেশি এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২২ শতাংশ বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার আর ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে জানা যায়, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।