নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ড. নেছার উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
ড. নেছার উদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এপিডেমিওলজি বিষয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি রোগ, ক্যান্সার এপিডেমিওলজি, জনস্বাস্থ্য বিশ্লেষণসহ সংশ্লিষ্ট নানা বিষয়। তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া ফিলিপাইনের ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইনস অ্যাট লস বানোস থেকে এমপিএস ডিগ্রি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ড. নেছার উদ্দিন আহমেদের গবেষণা প্রবন্ধ আমেরিকান জার্নাল অব পাবলিক হেলথ, এথনিসিটি অ্যান্ড ডিজিজ, এবং ক্যানসার ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন-এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে।
তিনি ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিকস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সংগঠন কাউন্সিল অব এপিডেমিওলজি চেয়ারস অ্যান্ড ডিরেক্টরস (সিইসি)-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যা এপিডেমিওলজি শিক্ষা, একাডেমিক পরিবেশ ও উদীয়মান জনস্বাস্থ্য বিষয়ক গবেষণায় বিশেষায়িত।
ড. নেছার উদ্দিন আহমেদ চারবার আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চ, ও ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (এনসিআই)-এর ফ্যাকাল্টি স্কলার ইন ক্যান্সার রিসার্চ অ্যাওয়ার্ড লাভ করেন এবং ২০২৩ সালে ফুলব্রাইট স্কলার হিসেবে মনোনীত হন। ২০১০ সালে তাঁকে অ্যাসোসিয়েশন অব স্কুলস অব পাবলিক হেলথ/ফাইজার টিচিং এক্সেলেন্স একাডেমি-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. শাহজাহান; নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান; রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীনসহ ইউনিভার্সিটির ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন অফিসের পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা নর্থ সাউথ ইউনিভার্সিটির নতুন উপ-উপাচার্য হিসেবে ড. নেছার উদ্দিন আহমেদকে স্বাগত জানান।
উপ-উপাচার্য হিসেবে ড. নেছার উদ্দিন আহমেদের নিয়োগ নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক মানের উৎকর্ষ অর্জনের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে ড. নেছারের সুদক্ষ নেতৃত্ব, আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতা এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান এনএসইউ’র দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে।