এবারও শীর্ষে থাকবেন শাকিব!

গত কয়েক বছর ধরে দেশের সিনেমা হলগুলোর প্রাণভোমরা হয়ে উঠেছেন শাকিব খান। হল মালিকদের মতে, সারা বছর ঝিমিয়ে থাকা ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে এই তারকার সিনেমা মুক্তির পর। এদিকে সিনেমাতে লগ্নিকৃত অর্থ ঘরে তুলতে শাকিবের ওপর ভরসা রাখছেন চলচ্চিত্র প্রযোজকরা। গত বছর ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’-এর মতো ব্যবসা সফল সিনেমা দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান শাকিব খান। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন বছরে অভিনেতা হাজির হচ্ছেন চারটি বিগ বাজেটের সিনেমা নিয়ে। ইতিমধ্যে শেষের পথে ‘সোলজার’ ও ‘প্রিন্স’ সিনেমার কাজ। ঈদুল আজহায় নির্মাতা রায়হান রাফী-শাকিব ম্যাজিক দেখতে পারেন সিনেমাপ্রেমীরা। গত বছর ‘তুফান’ দিয়ে বক্স অফিসে ঝড় তোলা রাফী আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ সালেও শাকিব খানকে নিয়ে বড় পর্দায় ফিরবেন তিনি। রাফী ও শাকিব জুটির সিনেমার নাম প্রকাশ না করলেও গুঞ্জন রয়েছে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে পারে। চতুর্থ সিনেমা এখনো রহস্যে মোড়ানো।