সাদাপাথর লুটের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা ফিরে পেলেন পদ

পর্যটনকেন্দ্রের সাদা পাথর লুটের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা সহ-সভাপতি সাহাব উদ্দিনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

প্রায় সাড়ে চার মাসের মাথায় তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছিল। 

তবে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।