জনপ্রিয় বিজ্ঞান কল্পগল্পের গ্র্যান্ড মাস্টার আইজ্যাক আসিমভের জন্মদিন আজ। ১৯১৯ সালের অক্টোবর থেকে ১৯২০ সালের ২ জানুয়ারির মধ্যবর্তী কোন এক সময় আসিমভ জন্মগ্রহণ করেন। তবে তিনি জন্মদিন হিসেবে ২ জানুয়ারি তারিখটি বেছে নেন।
তার জন্মস্থান আরএসএফএসআর (রাশিয়ান সোভিয়েত ফেডারেটেড সোশালিস্ট রিপাবলিক)-এর স্মলেন্স্ক ওব্লাস্ট অঞ্চলের অন্তর্ভুক্ত পেত্রোভিচি রাজ্যে। বর্তমানে এই রাজ্যটি বেলারুশ প্রজাতন্ত্রের মগিলিয়ভ প্রদেশের অন্তর্ভুক্ত। আসিমভের বাবা জুডাহ আসিমভ ও মা আন্না রাচেল বের্মান আসিমভ।
ইহুদি এই পরিবার তৎকালীন রাশিয়ার ক্ষুদ্র কারখানা মালিক শ্রেণির অন্তর্গত ছিল। তার জন্ম তারিখ জানা যায়নি গ্রেগরীয় ও হিব্রু বর্ষপঞ্জির পার্থক্য এবং সুষ্ঠু রেকর্ড সংরক্ষণের অভাবে। আসিমভ নিজে তার জন্মদিন সবসময় ২ জানুয়ারি পালন করতেন। তার পারিবারিক ও বংশীয় উপাধিটি এসেছে রাশিয়ান ভাষার শব্দ (ওজিমিয়ে) থেকে। এটি এক ধরনের শীতকালীন শস্য যা তার দাদা চাষ করতেন।
তার তিন বছর বয়সে তার পরিবার রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে চলে আসে। নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বসতি স্থাপন করে। পরিবারের সবাই ইদিশ ও ইংরেজি ভাষায় কথা বলতো। এ কারণে আসিমভ কখনই রাশিয়ান ভাষা শিখেননি। মাত্র ১১ বছর বয়সে নিজে থেকে গল্প লিখতে শুরু করেছিলেন এবং ১৯ বছর বয়সে সেগুলো বিজ্ঞান কল্পকাহিনী পত্রিকার কাছে বিক্রি করতে শুরু করেন।
এস্টাউন্ডিং সাইন্স ফিকশন পত্রিকার সম্পাদক জন ডব্লিউ ক্যাম্পবেল তার জীবনে বিশেষ প্রভাব বিস্তার করেছিলেন এবং পরবর্তীতে তার বিশ্বস্ত বন্ধুও হয়ে যান।
আসিমভের সবচেয়ে প্রসিদ্ধ রচনা হচ্ছে ফাউন্ডেশন সিরিজ। তার অন্যান্য প্রধান সিরিজের মধ্যে রয়েছে গ্যালাক্টিক সাম্রাজ্য সিরিজ ও রোবট সিরিজ যে দুটিকে পরবর্তিতে তিনি ফাউন্ডেশন সিরিজের অন্তর্ভুক্ত করেছেন ভবিষ্যৎ ইতিহাস বিনির্মাণের জন্য।
ভবিষ্যৎ ইতিহাস নির্মাণের এই প্রক্রিয়ার অগ্রদূত ছিলেন কর্ডওয়েইনার স্মিথ এবং পাউল এন্ডারসন। তার অসংখ্য ছোটগল্পের মধ্যে নাইটফল গল্পটি ১৯৬৪ খ্রিষ্টাব্দে সাইন্স ফিকশন রাইটার্স অব আমেরিকা কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান কল্পকাহিনী শীর্ষক ছোটগল্পের সম্মানে ভূষিত হয়। তিনি পল ফ্রেঞ্চ ছদ্মনামে ছোটদের জন্য লিখতেন। আসিমভের অধিকাংশ বিজ্ঞান গ্রন্থ এবং গল্পেই বৈজ্ঞানিক ধারণাসমূহ ইতিহাসের আবহে বর্ণীত হয়েছে। ৫০২০ আসিমভ নামক গ্রহাণু, আসিমভ্স সাইন্স ফিকশন নামক সাময়িকী এবং আইজাক আসিমভ পুরস্কার নামে একাধিক পুরস্কারের মাধ্যমে তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।
১৯৬৫ খ্রিষ্টাব্দে আইজাক আসিমভ আসিমভ নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক অধ্যয়ন শুরু করেন যার মধ্যে ছিলো ব্রুকলিনের বয়েজ হাই স্কুল। পরে যান কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যেখান থেকে ১৯৩৯ খ্রিষ্টাব্দে স্নাতক ডিগ্রি করেন। এখান থেকেই ১৯৪৮ খ্রিষ্টাব্দে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ডক্টরেট সম্পন্ন করার পর আসিমভ বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনে শিক্ষক হিসেবে যোগ দেন। অনেকদিন এখানেই কর্মরত ছিলেন। ১৯৫৮ খ্রিষ্টাব্দ থেকে তার শিক্ষকতা ছেড়ে দিয়ে পুরোদমে লেখালেখি শুরু করেন। ১৯৬৫ থেকে পরবর্তী সময়ে আসিমভের ব্যক্তিগত রচনা ও পত্রাদি মুগার মেমোরিয়াল লাইব্রেরির সংগ্রহশালায় রক্ষিত আছে। কিউরেটর হাওয়ার্ড গটলিয়েবের অনুরোধে তিনি এই গ্রন্থাগারে কিছু অনুদান দিয়েছিলেন। সেখানে তার রচনাগুলো প্রায় ৪৬৪ বাক্স দখল করে, আর তাকটির দৈর্ঘ্য ৭১ মিটার।
আসিমভের ক্লসট্রোফিলিয়া ছিল, অর্থাৎ ছোট আবদ্ধ স্থানে থাকতে ভালবাসতেন। তার আত্মজীবনী গ্রন্থের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন, তিনি ছোটবেলায় এমন একটি ম্যাগাজিন স্ট্যান্ডের মালিক হওয়ার স্বপ্ন দেখতেন যা নিউ ইয়র্ক সিটি সাবওয়ে স্টেশনে অবস্থিত এবং যেখানে তিনি নিজেকে আবদ্ধ রেখে চলমান ট্রেনের শব্দ শুনতে পাবেন।
১৯৯২ খ্রিষ্টাব্দের ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে এইচআইভি পজিটিভ আক্রান্ত হয়ে আইজাক আসিমভ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।