দিনাজপুরের চিরিরবন্দরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন। দিনাজপুর-রংপুর মহাসড়কের নতুন ভুষিরবন্দর এলাকায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাইফ (২) বিরল উপজেলার নিজামপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবি জানান, পঞ্চগড় থেকে এমকে এন্টারপ্রাইজ নামে একটি বাস যাত্রী নিয়ে রংপুরে যাচ্ছিল। পথে নতুন ভুষিরবন্দর তেল পাম্পের সামনে একটি মোটরসাইকেলকে সাইডি দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হন। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত ১৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় দুই বছরের শিশু তাইফ মারা যায়।
দশমাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।