ভেনেজুয়েলার তেলখাতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ জোরদার করতে দেশটির তেলখাতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতে সক্রিয় ৪টি কোম্পানি এবং সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকটি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অভিযান পরিচালনার পরই নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এসব অভিযানের লক্ষ্যবস্তু ছিল দুই ডজনেরও বেশি জাহাজ।

এর আগে, ডিসেম্বরের শুরুতে ভেনেজুয়েলার তেল রপ্তানিতে লাগাম টানতে আরও কঠোর অবস্থান নেয় ওয়াশিংটন। তখন ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা সেখান থেকে বের হওয়া সব অনুমোদিত জাহাজের ওপর অবরোধের ঘোষণা দেওয়া হয়। এর সরাসরি প্রভাব পড়ে দেশটির তেল রপ্তানিতে। নভেম্বরের তুলনায় রপ্তানির পরিমাণ প্রায় অর্ধেকে নেমে আসে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, মাদুরো সরকারকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানিতে সহায়তা করার অভিযোগে সংশ্লিষ্ট তেল ব্যবসায়ী ও ট্যাংকারগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, তালিকাভুক্ত চারটি ট্যাংকারের কয়েকটিকে তথাকথিত ‘ছায়া বহর’-এর অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সাধারণভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল পরিবহনে ব্যবহৃত যেসব জাহাজের মালিকানা অস্পষ্ট এবং যেগুলোর আন্তর্জাতিক মানসম্পন্ন বীমা নেই, সেগুলোকে ‘ছায়া বহর’ হিসেবে উল্লেখ করা হয়।

ট্রেজারি বিভাগ আরও সতর্ক করে জানিয়েছে, যারা ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত হবে, তাদের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে করা প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়।