কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ ডুবে গেল নৌকা

ভোলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ এমভি দিলোয়ারা-৩ নামে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নৌকার মাঝি ও শ্রমিকরা জানান, গতকাল রাতে মাঝ মেঘনায় ঘনকুয়াশার কারনে এ নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙ্গর করে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকাটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে তারা লক্ষ্য করেন তাদের নৌকায় পানি ডুকছে, এবং নৌকার প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। পরে নৌকায় থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকা থেকে তীরে উঠে আসেন। 

নৌকার মাঝি মো. বিল্লাহ হোসাইন বলেন, গতকাল সকালে কুতুবদিয়া থেকে বোটে ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল থেকে যাত্রাশুরু করে ভোলার মেঘনা নদী হয়ে খুলনা যাওয়ার পথে আমাদের নৌকাটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়, ধাক্কায় নৌকার একপাশ ফেঁটে যায়। এবং পরবর্তীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।