চট্টগ্রামে স্ত্রীকে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন জয়নাল আবেদীন নামে এক যুবক। গত বৃহস্পতিবার রাতে নগরের পাহাড়তলী থানার কাট্টলী ছদু চৌধুরী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম বৈশাখী আকতার (২৯)। ছয় মাস আগে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। এ ঘটনার পর জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, বিবাহবিচ্ছেদের পর সম্প্রতি আবার বিয়ে করেছেন বৈশাখী। এতে ক্ষিপ্ত হয়ে জয়নাল সাবেক স্ত্রীর বাসায় ঢুকে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বৈশাখীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বৈশাখীকে ছুরিকাঘাতের সময় তাকে রক্ষার জন্য তার এক চাচা এগিয়ে আসেন। এ সময় চাচাকেও ছুরিকাঘাত করেন জয়নাল। আহত চাচাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতের পর লোকজন জয়নালকে ধরতে এলে ওই সময় তিনি নিজের পেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। সাবেক স্ত্রী খুনের মামলায় জয়নালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।