হঠাৎ করেই স্ট্রোক করেন সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ আহমেদ। তবে এমন একটা গুরুতর অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিংয়ের শিকার হয়েছেন এই গায়ক। বিষয়টিকে সাইবার বুলিং ও মানহানি হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তৌসিফ। শ্রোতাদের মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, গতকাল তার স্ট্রোকের খবরকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেছেন। এসব মন্তব্যে তিনি ব্যক্তিগতভাবে বিচলিত নন, তবে সাইবার বুলিং, মানহানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার কথা বিবেচনা করছেন।
পোস্টে নিজের পারিবারিক ও শিক্ষাগত পরিচয় স্পষ্ট করে তৌসিফ আহমেদ জানান, তার বাবা একজন বিবিএস ক্যাডার এবং তিন জেলায় সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি আইএইচটি (ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি)-এর প্রিন্সিপালও ছিলেন। তৌসিফের ভাষ্য অনুযায়ী, তাদের পরিবারে তিনি ছাড়া বাকি ভাইবোন এবং আত্মীয়স্বজনরা চিকিৎসক ও প্রকৌশলী পেশার সঙ্গে যুক্ত। তিনি নিজেও বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পড়াশোনা করেছেন।