স্ত্রীসহ প্রেসিডেন্ট মাদুরো আটক, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। শনিবার নিজ মালিকানাধীন ট্রুথ সোশ্যালের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, তাকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এ বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ভেনেজুয়েলাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প, জরুরি অবস্থা জারি করেছেন মাদুরো।