দুর্ঘটনায় আহত তারকা দম্পতি আশিষ-রূপালি

ভারতের শক্তিমান অভিনেতা আশিষ বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালি বড়ুয়া সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শুক্রবার (২ জানুয়ারি)  রাতে আসামের গুয়াহাটির জু রোডের কাছে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকলেও দুজনেই শঙ্কামুক্ত বলে জানা গেছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার রাতে গুয়াহাটির গীতানগর থানা এলাকার একটি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলেন আশিষ ও রূপালি। ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ নামের ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাত দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ভারসাম্য হারিয়ে দুজনেই রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এই ঘটনায় মোটরবাইক চালক নিজেও আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গীতানগর থানার পুলিশ। 

তারা তাৎক্ষণিকভাবে দম্পতিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অন্যদিকে আহত বাইকচালককে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নিজেই এক ভিডিও বার্তা শেয়ার করেছেন আশিষ বিদ্যার্থী।