পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে ছোটভাই তোফায়েল আহম্মদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দ্বিতীয় দফায় তার ওপর হামলা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার সকালে নিহত তোফায়েল আহম্মদের সাথে তার ৩ ভাই তাহের আহমদ, তাজল ইসলাম ও নজির আহমদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তারা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা করে অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে ৩ জনকে আটক করে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তারা বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।