গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের পরদিন ময়নুল ইসলাম তালুকদার (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পন্থাপাড়ার বাঁশ ঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ময়নুল ইসলাম তালুকদার ওই গ্রামের মৃত দানেস তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২ জানুয়ারি) ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হন ময়নুল ইসলাম। বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির করে। পরে শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা বাঁশঝাড়ে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।