মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আলোচিত সেই এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এ ঘোষণা দেন।
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ ছাড়া মাগুরার দুটি আসনের আরও তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজটি আমার কর্মীরা করেছেন। সে ক্ষেত্রে কোনো ভুলত্রুটি আছে কিনা বিষয়টি আমি খতিয়ে দেখে পরবর্তীতে আপিল করার বিষয়ে পদক্ষেপ নেব।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত যে তালিকা দেওয়া হয়েছে সেখান থেকে দৈব চয়নের ভিত্তিতে ১০ জন ভোটারের তথ্য যাচাই করতে গেলে দেখা যায় একজন মৃত ব্যক্তিসহ ৯ জনের স্বাক্ষরই জাল।
যাচাই-বাছাই শেষে সব মিলিয়ে মাগুরা-১ ও ২ আসন থেকে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বর্তমানে মাগুরা-১ আসন থেকে ৮ জন ও মাগুরা -২ আসন থেকে ৩জন প্রার্থী বৈধ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারবেন। বাতিল ঘোষিত হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করাতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।