পরাজিত শক্তি নির্বাচনে কিছু বাধা সৃষ্টি করতে পারে: রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সরকার কাজ করছে। অনেক বছর পর একটা প্রকৃত ভোট হবে। যেখানে সরকারের কোনো পক্ষপাতিত্ব থাকবে না। তবে পরাজিত শক্তি নির্বাচনে কিছু বাধার সৃষ্টি করতে পারে। সেটাকে সবাই মিলে মোকাবিলা করতে হবে। তথ্য উপদেষ্টা গতকাল শনিবার সিলেটে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এবার মানুষ যাতে জেনে বুঝে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ সৃষ্টিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মনে রাখতে হবে প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এবারের ভোট হচ্ছে। স্বৈরাচারী শাসনব্যবস্থা যখন ছিল তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও ওই রকম হয়ে যায়। সেটার বিপরীতে গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে আমরা নির্বাচনের আয়োজন করছি। তাই পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে। ওই বাধা আমাদের মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, পরাজিত শক্তির পক্ষে কোনো জনমত নেই। তাই জনগণকে সঙ্গে নিয়ে আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারব।

সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছু রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী এসব উত্তেজনা উতরে গিয়ে উতসবমুখর নির্বাচন আয়োজন করতে পারবে।

পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেটের বেসরকারি লিডিং ইউনির্ভার্সিটির সমাবর্তন অনুষ্টানে যোগ দেন। সেখানে তিনি বলেন, হাদী হত্যার বিচারের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময়ে বিচার হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, পরিবার, সমাজ ও দেশের দায়িত্বের ভার নেওয়ার এখন সময়। তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন যাতে আগামী ৫ বছর আর পস্তাতে না হয়।