ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— এস এম ফয়সাল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি), গিয়াস উদ্দিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আহমেদ আব্দুল কাদের (খেলাফত মজলিস), মোঃ মুজিবুর রহমান (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল) এবং মোঃ রেজাউল মোস্তফা (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)।
অপরদিকে বিভিন্ন অসঙ্গতি, কাগজপত্রের ঘাটতি ও আইনগত শর্ত পূরণে ব্যর্থতার কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— আল-আমিন, রাশেদুল ইসলাম খোকন, মিজানুর রহমান চৌধুরী, মোকাম্মেল হোসেন রবিন ও সালেহ আহমদ সাজন।
এর আগে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মাধবপুর ও চুনারুঘাট উপজেলা থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
এদিকে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। যাচাই-বাছাই শেষে হবিগঞ্জ-৪ আসনের চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৪ জানুয়ারি সারা দেশে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হবে। ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল নিষ্পত্তি শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।