পাকিস্তানে পুলিশ পোস্টে সন্ত্রাসী হামলা, নিহত ১

পাকিস্তানে পুলিশ পোস্টে সন্ত্রাসীদের হামলায় এক ব্যক্তি নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন।

পাকিস্তান ভিক্তিক ডন পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর খার থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে পাহাড়ি কোহি সর এলাকায় অবস্থিত পুলিশ পোস্টে আজ ভোর ২টার দিকে এই হামলা সংঘটিত হয়।

জেলা পুলিশের মুখপাত্র ইসরার খান জানান, নিহত ব্যক্তির নাম নাসিম গুল। তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন দুই পুলিশ কনস্টেবল। আহতদের খার জেলার সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হালকা ও ভারী উভয় ধরনের অস্ত্র ব্যবহার করেছে। হামলার পর সশস্ত্র বাহিনী ও পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা অভিযান শুরু করে। এর মধ্যে পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার পরিসংখ্যানও উদ্বেগজনক।

ইসলামাবাদভিত্তিক প্যাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আর সন্ত্রাসজনিত মৃত্যুর হার ২১ শতাংশ বেড়েছে। বছরের মধ্যে দেশব্যাপী মোট ৬৯৯টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই সহিংসতায় অন্তত ১,০৩৪ জন প্রাণ হারিয়েছেন এবং ১,৩৬৬ জন আহত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বৃদ্ধি অব্যাহত রয়েছে।