চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়া হার্দিক পান্ডিয়া নিজের দুর্দান্ত ফর্ম আবারও প্রমাণ করেছেন। শনিবার বিজয় হাজারে ট্রফিতে বরোদার হয়ে খেলতে নেমে তিনি ৬৮ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি পূর্ণ করেন।
রাজকোটে বিদর্ভের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে বরোদা এক সময়ে ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছিল। সেই মুহূর্তে দলের হাল ধরেন হার্দিক। ধৈর্য ধরে ইনিংস গড়ে তুলে ৪৪ বলেই পৌঁছান হাফ সেঞ্চুরি। এরপর শেষ ৫০ রান মাত্র ২৪ বলেই তুলে নেন, এবং বিশেষভাবে ৩৯তম ওভারে পার্থ রেখাড়ের বলে ৫ ছক্কা ও এক বাউন্ডারি ৩৪ রান তুলে দর্শকদের মাতিয়ে দেন।
হার্দিকের ইনিংসে ছিল আটটি বাউন্ডারি এবং ১১টি ছক্কা, স্ট্রাইক রেট প্রায় ১৪৫। শেষ পর্যন্ত ৯২ বলে ১৩৩ রান করে তিনি আউট হন। তাঁর এই ব্যাটিংয়ের ফলে বরোদা করে ২৯৩ রান।
২০১৪ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে পথচলা শুরু করা পান্ডিয়া এই সংস্করণে প্রথমবার পেলেন সেঞ্চুরির স্বাদ। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারেই আর কেবল একটি শতক আছে তার। ২০১৭ সালে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৮ রান করেছিলেন তিনি।
তবে এমন ব্যাটিংয়ের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াডে জায়গা পাননি পান্ডিয়া। এই দলে ফিরেছেন শ্রেয়াস আয়ার আর অধিনায়ক শুবমান গিল।
ভারতীয় দল
শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), শ্রেয়াস আয়ার (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, রিশভ পান্ত (উইকেটকিপার), নিতীশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং এবং যশস্বী জয়সোয়াল।