কুমিল্লার ১১টি আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুমিল্লার ১১টি আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মুহম্মদ রেজা হাসান। একই সঙ্গে ৭৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ অঞ্চলে মোট ১০৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তিনি এই ঘোষণা দেন।

কুমিল্লা-১ থেকে কুমিল্লা-৬ আসনে মোট ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। তবে প্রাথমিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে। এই আসনে দাখিল হওয়া ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৮টিই বাতিল করা হয়েছে।

আসনভিত্তিক যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারা হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ। কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন, মো. রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ম. আ. করিম, আমজনতার দলের মো. মাসুদ রানা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে এনসিপির মো. আবুল বাশার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি।

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনে মুক্তি জোটের মো. আমির হোসেন ফরায়েজী ও বাসদের কামরুন নাহার সাথী। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মুক্তিজোটের সজল কুমার কর ও স্বতন্ত্র মাওলানা সালেহ সিদ্দিকী। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন ও বাসদের মোহাম্মদ আলী আশরাফ। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে  স্বতন্ত্র সামিরা আজিম দোলা, রশিদ আহমেদ হোসাইনী, ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক ও মোহাম্মদ মফিজুর রহমান জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের বিএনপির মোবাশ্বের আলম ভূঁইয়া ও স্বতন্ত্র মোস্তফা সাজ্জাদ হাসান। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম।

এ বিষয়ে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, কুমিল্লার ১১টি আসনে ৭৬টি মনোনয়নপত্র বৈধ এবং ৩১টি বাতিল ঘোষণা করা হয়েছে।