ওসির সঙ্গে তর্ক করা হবিগঞ্জের সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। এ বিষয়ে পুলিশ শিগগিরই ব্রিফিং করে বিস্তারিত জানাবে বলে সূত্রটি জানিয়েছে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদীর ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে পুলিশ আটক করলে শুক্রবার (২ জানুয়ারি) মাহদীর নেতৃত্বে থানার সামনে আন্দোলন হয়। এনামুল হাসান নয়ন শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে। স্থানীয় ছাত্রলীগের কমিটিতে সহসভাপতি হিসেবে তার নাম রয়েছে।