ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদ জানাল সিপিবি

ক্যারিবীয় অঞ্চলে গত কয়েক মাস ধরে চলা সামরিক উত্তেজনার মধ্যে এবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি তারা, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে ট্রাম্প। আর ভেনেজুয়েলার ওপর মার্কিন এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

আজ শনিবার (৩ জানুয়ারী) প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক বিবৃতি দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ওপর চালানো বিমান হামলা মার্কিন সাম্রাজ্যবাদের আইনহীনতা ও উদ্ধত আচরণের নগ্ন বহিঃপ্রকাশ। হুমকি ও ব্ল্যাক মেইলের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন আবারও নগ্ন শক্তির আশ্রয় নিয়েছে।

চলমান মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দৃঢ়ভাবে ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি, ভেনেজুয়েলার জনগণ—যারা আজ পর্যন্ত নিজেদের সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষা করে এসেছে—এই হামলা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সামষ্টিক শক্তি ও সামাজিক সক্ষমতা আবারও প্রমাণ করবে। ভেনেজুয়েলার ভবিষ্যৎ সাম্রাজ্যবাদ চাপিয়ে দেওয়া কোনো দৃষ্টিভঙ্গি দ্বারা নির্ধারিত হবে না; তা নির্ধারিত হবে স্বাধীনতা ও সমাজতন্ত্রের জন্য জনগণের সংগ্রামের মধ্য দিয়েই।

যুক্তরাষ্ট্রের এমন সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জাহির চন্দন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেন, ভেনেজুয়েলার কারাকাস, মিরান্দা, আরাগুয়া ও লা গুয়াইরা শহরে যুক্তরাষ্ট্রের চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার, সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনাকে চরম আগ্রাসী ও নিন্দনীয় কাজের বিরুদ্ধে বিশ্ববাসীকে দাঁড়াতে হবে। বিবৃতিতে এ হামলা ও আগ্রাসন বন্ধে এখনি জাতিসংঘকে পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছে সিপিবি।