১৪ দিনের অবকাশকালীন ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারকাজ শুরু হচ্ছে। নির্ধারিত ছুটি কাটিয়ে আজই প্রথম আপিল বিভাগের ১ নম্বর আদালতে (প্রধান বিচারপতির এজলাস) বসবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশ শেষে হাইকোর্টে নিয়মিত বিচারকাজ পরিচালনার জন্য ইতিমধ্যে ৬৬টি বেঞ্চ গঠন করেছেন তিনি। এর মধ্যে ৩৩টি দ্বৈত ও ৩৩টি একক বেঞ্চ রয়েছে।
এদিকে আজ কার্যদিবসের শুরুতে ১ নম্বর এজলাসে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় এ সংবর্ধনা হবে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় গত ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে ২৪ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২৮ ডিসেম্বর তিনি রাষ্ট্রপতির কাছে শপথ নেন।