কুমিল্লার মুরাদনগরে পড়ালেখায় মনোযোগী করে তুলতে ঝাড়ফুঁক করবে এমন কথা বলে ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১০) যৌন নিপীড়ন করা হয়েছে অভিযোগে মাঈন উদ্দিন (৩৫) নামের এক কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রাম থেকে কথিত ওই কবিরাজকে গ্রেপ্তার করা হয়।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল। সম্প্রতি পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়লে শিশুটির বাড়ির পাশের কথিত কবিরাজ মাঈন উদ্দিন তার মাকে জানায় তেল পড়ানো ও ঝাড়ফুঁক করালে শিশুটি পড়ালেখায় মনোযোগী হবে।
শুক্রবার দুপুরে এ কথা বলে কৌশলে শিশুটির বসতঘর থেকে তার মা ও পরিবারের অন্য সদস্যদের বাইরে পাঠিয়ে দেয় সে। এরপর ঘরের ভেতরে শিশুটিকে যৌন নিপীড়ন করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি চিৎকার করে উঠলে কবিরাজ দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতনের শিকার শিশুটির অভিভাবক মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন।
মুরাদনগর থানার ওসি মো. হাসান জামিল খান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (গতকাল) দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’