শ্বশুর-শাশুড়ি আত্মীয়স্বজনের টাকায় ভোট করবেন সারজিস

আসন্ন সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ থেকে ১২ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নির্বাচনী হলফনামায় তিনি নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা। এই ব্যবসা থেকে বছরে ৯ লাখ টাকা আয় আসে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে কী ব্যবসা করেন, তা স্পষ্ট করেননি। বার্ষিক ব্যয় দেখিয়েছেন ৭ লাখ ২৭ হাজার টাকা।

হলফনামা থেকে জানা গেছে, সারজিস আলমের অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ টাকা। তার নামে দান করা কৃষিজমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতক। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। তবে ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম তার আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর রিটার্ন অনুযায়ী তার সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এমনকি তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়করও পরিশোধ করেছেন।। তবে হলফনামায় তার স্ত্রীর কোনো আয়, সম্পদ বা কোনো গহনার কথা উল্লেখ করা হয়নি। স্ত্রী গৃহিণী, আগে ছাত্রী ছিলেন। সারজিসের নামে মামলা রয়েছে একটি, যা তদন্তাধীন।

তিনি নিজস্ব আয় থেকে নির্বাচনে ৫ লাখ টাকা ব্যয় করবেন। তিনি শ্বশুর-শাশুড়ি, আত্মীয়স্বজন ও অন্যদের টাকায় নির্বাচন করবেন। এর মধ্যে দুলাভাই দেবেন ছয় লাখ, চাচা, মামা, শাশুড়ি ও শ্বশুর পাঁচ লাখ করে, ধার নেবেন দুই লাখ, আত্মীয়স্বজন নয়Ñ এমন চারজনের কাছে নেবেন ১১ লাখ টাকা নিয়ে নির্বাচনী খরচ মেটাবেন।