ভেনেজুয়েলা সংকট প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

কারাকাসে মার্কিন হামলা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। চলমান সংকট নিরসনে সংযম ও কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিয়েছে দেশটি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সহিংসতা বা একতরফা পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও রাজনৈতিক সমাধানের পথ অনুসরণ করা জরুরি।

স্পেন স্পষ্ট করেছে, ২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তারা স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনে দেশটির ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধী পক্ষ ফল প্রত্যাখ্যান করে। নির্বাচনের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া দেশ ছেড়ে স্পেনের রাজধানী মাদ্রিদে আশ্রয় নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক কারণে নিজ দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলান নাগরিককে ইতোমধ্যে আশ্রয় দিয়েছে স্পেন এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি ভেনেজুয়েলার জন্য গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে অর্জিত সমাধান খুঁজে পেতে সহযোগিতা করতে প্রস্তুত থাকার কথাও জানানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার অজুহাত তুলে ধরে মাদুরোর বিজয় ঘোষণা করে। এই সিদ্ধান্তকে ঘিরেই দেশটির ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে বিতর্ক ও অনিশ্চয়তা তৈরি হয়, যা সাম্প্রতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।