ভেনেজুয়েলায় সামরিক অভিযান ‘টেলিভিশন শো’র মতো লেগেছে: ট্রাম্প

ভেনেজুয়েলায় পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানের সাফল্য নিয়ে মার্কিন সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ভাষায়, পুরো অভিযানটি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং তা তাঁর কাছে একটি ‘টেলিভিশন শো’র মতো মনে হয়েছে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সেখানে তিনি জানান, অভিযানের প্রতিটি ধাপ ছিল অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিত, যা বিশ্বে খুব কম দেশই বাস্তবায়ন করতে সক্ষম।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সামরিক বাহিনীর কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, এমন নিখুঁত কৌশল প্রয়োগ করার সক্ষমতা বিশ্বের আর কোনো দেশের নেই। অভিযানের সময় আসলে কী ঘটেছে, তা যদি দেখতেন—আমি নিজে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যেন কোনো টিভি শো দেখছি। আমাদের সেনাদের গতিশীলতা ও সমন্বয় ছিল অসাধারণ। তারা দুর্দান্ত কাজ করেছে। অন্য কেউ এত চমৎকারভাবে এই অভিযান চালাতে পারত না।’

তিনি আরও বলেন, অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এতে কোনো মার্কিন নাগরিক কিংবা অন্য কারও প্রাণহানি হয়নি। ট্রাম্পের ভাষায়, তিনি জেনেছেন যে এ ঘটনায় মাত্র দুজন আহত হয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, অভিযানের মাত্র ৪ দিন আগে তিনি এতে অনুমোদন দিয়েছিলেন। তাঁর মতে, সময়ের স্বল্পতা সত্ত্বেও অভিযানের সাফল্য ছিল উল্লেখযোগ্য।

ট্রাম্প বলেন, ‘এই অপারেশন ছিল অত্যন্ত জটিল। এতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। মাত্র চার দিন আগে আমি এর অনুমতি দিয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন সফল অভিযান সত্যিই অসাধারণ।’