মস্তিষ্ক চিপ উৎপাদনে যাচ্ছে নিউরালিংক

মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সরাসরি সংযোগের ধারণা থাকলেও বাস্তবে সেই প্রযুক্তিকে এগিয়ে নিচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংক।

মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তির আওতায় তৈরি তাদের তারহীন চিপ ইতোমধ্যে মানবদেহে পরীক্ষামূলকভাবে সফলভাবে ব্যবহার করা হয়েছে। পরীক্ষার ইতিবাচক ফল পাওয়ায় এবার বড় পরিসরে চিপ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। (খবর রয়টার্স)

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক জানিয়েছেন, নিউরালিংক ২০২৬ সাল থেকে বিসিআই প্রযুক্তির চিপ বাণিজ্যিক মাত্রায় উৎপাদন শুরু করতে চায়। একই সঙ্গে চিপ বসানোর জন্য যে অস্ত্রোপচার প্রয়োজন হয়, সেই প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতে দ্রুত ও তুলনামূলকভাবে সহজ উপায়ে অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নিউরালিংকের তৈরি তারহীন এই চিপ মূলত মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত বা গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তার উদ্দেশ্যে তৈরি।

মানবদেহে প্রথম পরীক্ষায় অংশ নেওয়া একজন ব্যক্তি এই চিপের সাহায্যে নিজের মস্তিষ্কের সংকেত ব্যবহার করে ভিডিও গেম খেলতে, ইন্টারনেট চালাতে এবং ল্যাপটপের কারসর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন।

নিউরালিংকের তথ্যানুযায়ী, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে তীব্র পক্ষাঘাতে আক্রান্ত অন্তত ১২ জনের মস্তিষ্কে এই চিপ স্থাপন করা হয়। তারা চিন্তার মাধ্যমেই বিভিন্ন ডিজিটাল ডিভাইসের পাশাপাশি কিছু বাস্তব সরঞ্জামও নিয়ন্ত্রণ করতে পারছেন।