গাঁজা-ইয়াবা-মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লাখ ১৯ হাজার ৬০ টাকা, দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি ট্রলি ব্যাগ ও দুটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো  ইমতিয়াজ (২৬) ও রামিম হোসাইন বাবু (৩০)।

গতকাল শনিবার দিবাগত রাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ১৩ নম্বর রোডের ১৮ নম্বর ভবনের তৃতীয় তলার কতিপয় মাদক কারবারি অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় খিলক্ষেত থানা পুলিশের টহল টিম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময়  ৪০ কেজি গাঁজা, ১৭৫ পিস ইয়াবা, নগদ ১ লাখ ১৯ হাজার ৬০ টাকা, দুটি ওয়াকিটকি সেট, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি ট্রলি ব্যাগ ও দুটি মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সিনিয়র সাংবাদিক ও খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর খিলক্ষেত থানা পুলিশের এই  পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। অফিসার ইনচার্জসহ পুরো টিমের সাহসিকতা ও আন্তরিকতায় মাদক কারবারিরা এখন কোণঠাসা। পুলিশ ও জনগণের এই সমন্বিত প্রচেষ্টায় নিকুঞ্জ খুব দ্রুতই মাদকমুক্ত হবে।

অভিযানের ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত তল্লাশি চালিয়ে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।