টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে ফ্র্যাঞ্চাইজি মালিক সরে যাওয়ায় বিসিবির তত্ত্বাবধানে দল গঠিত হয় চট্টগ্রাম রয়্যালস। সেই থেকে রয়্যালসকে কটাক্ষ করে ‘কমিটির দল’ বলছিলেন অনেকে। তবে মাঠের পারফরম্যান্সে সেই সব মন্তব্যের জবাব দিচ্ছে দলটি। টানা দ্বিতীয় বড় জয়ে এবার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে শেখ মেহেদি হাসানের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার সিলেট টাইটান্সকে ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৬ ওভারেই ১২৭ রানের লক্ষ্য টপকে যায় তারা, হাতে থাকে আরও ২৪ বল।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে সিলেটের। পাওয়ার প্লের ছয় ওভারেই ৫ উইকেট হারিয়ে মাত্র ৩৪ রান তোলে স্বাগতিকরা। সেখান থেকে একপ্রান্ত আগলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ চার ও ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন এই আফগান অলরাউন্ডার। শেষদিকে রাহাতুল ফেরদৌস জাভেদ (১৭*) ও নাসুম আহমেদের (১৩*) অবদানেই সিলেটের স্কোর দাঁড়ায় ১২৬/৭। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শেখ মেহেদি হাসান ও মির্জা বেগ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকেন নাঈম ও রসিংটন। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫২ রান তোলে চট্টগ্রাম। ১২তম ওভারে পূর্ণ হয় দলের শতক, একই সঙ্গে পরপর দ্বিতীয় ম্যাচে শতরানের ওপেনিং জুটির নজির গড়েন এই দুই ব্যাটার।
রসিংটন ৩৭ বলে তুলে নেন বিপিএলে নিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের ২০তম ফিফটি। নাঈমের ব্যাটেও আসে দ্রুত অর্ধশতক—৩৩ বলে। তবে জয় থেকে ১২ রান দূরে থাকতে গিয়ে ছক্কা মারতে গিয়ে লং অনে ধরা পড়েন নাঈম। ৪ চার ও ৩ ছক্কায় তার ইনিংসটি ছিল ৫২ রানের।
এরপর সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে অনায়াসে বাকি কাজ সেরে ফেলেন রসিংটন। ইংলিশ উইকেটকিপার-ব্যাটার ৮ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।
চার ম্যাচে এটি চট্টগ্রামের তৃতীয় জয়। রাজশাহী ওয়ারিয়র্সেরও সমান জয় থাকলেও উন্নত নেট রান রেটের কারণে শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে পাঁচ ম্যাচে এটি সিলেট টাইটান্সের তৃতীয় হার।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট টাইটান্স: ২০ ওভারে ১২৬/৭ (মিরাজ ৫, জাজাই ৪, জাকির ১৫, ইমন ১৭, ব্রুকস ০, আফিফ ৪, ওমরজাই ৪৪, জাভেদ ১৭*, নাসুম ১৩*; শরিফুল ৪-০-২৯-১, মুগ্ধ ১.২-০-১১-১, মেহেদি ৪-০-১৮-২, মির্জা ২.৪-০-২৪-২, তানভির ৪-০-১৭-০, জামাল ৪-০-২৭-১)
চট্টগ্রাম রয়্যালস: ১৬ ওভারে ১৩০/১ (নাঈম ৫২, রসিংটন ৭৩*, সাদমান ৩*; নাসুম ৪-০-১৯-০, আমির ২-০-১০-০, ওমরজাই ১-০-১৬-০, খালেদ ২-০-২৩-০, মিরাজ ৩-০-২৮-০, জাভেদ ৩-০-২৯-১, ব্রুকস ১-০-৫-০)
ফল: চট্টগ্রাম রয়্যালস ৯ উইকেটে জয়ী