কারাগারে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আসামির মৃত্যু

গাজীপুরে কাসিমপর কারাগারে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি অসুস্থ গয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মৃত শহিদুল ইসলাম শিপু (৫৪) গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে ও জাতীয় ছাত্র সমাজের নেতা ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, শহিদুল ইসলাম শিপু দীর্ঘদিন ধরে নানান রোগে ভুগছিলেন। রবিবার সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন শহিদুল ইসলাম শিপু। ২০০৪ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানা তিনি।