কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে প্রথমবারের মতো এমপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তিনি এমপি নির্বাচিত হলেও কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। সম্প্রতি কুমিল্লার দেবিদ্বারে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমার আব্বা একজন রাজমিস্ত্রি ছিলেন, পরে দুবাই, ওমানে ২২ বছর বিদেশে ছিলেন। মাসে যে টাকা আব্বা পাঠাতেন তাতে আমাদের চলে যেত। আমি যে পেশায় আছি, তা আপনারা মোবাইলে সার্চ করলেই দেখতে পাবেন। আমার প্রত্যেক মাসে দেড় লাখ টাকার মতো আয়, বছরে সাড়ে ১২ লাখ টাকা আয়।
হাসনাত আব্দুল্লাহ জানান, জুলাই বিপ্লবের আগে তার আয় আরও বেশি ছিল, যা পরে কমে গেছে। তবে তিনি বলেন, তার প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে, যা দিয়ে তিনি চলতে পারবেন।
তিনি আরও বলেন, আজ আপনাদের কাছে একটা অঙ্গীকার করে যাচ্ছি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, কোনোদিন ঠিকাদারি করব না। এমপি হওয়ার পরে কেউ একটা ঠিকাদারির লাইসেন্স নেয়। আমি এমপি নির্বাচিত হওয়ার পরে কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এবার আপনারা অন্যদের হলফনামা দেখবেন, কার ব্যাংক লোন আছে। যাদের কাছে ব্যাংক ১৭ থেকে ২০ বছর ধরে টাকা পায়, যারা ব্যাংকের কাছেই ঋণী, তারা কিভাবে জনগণের সেবা করবে? তারা তো ব্যাংকের দেওয়া অঙ্গীকার রাখতে পারে না, জনগণেরটা কিভাবে রাখবে? এই বিষয়গুলো আপনারা আমলে নেবেন। সুতরাং অর্থনৈতিক শোষণ কেবল তখনই মুক্ত হবে, যখন নেতাই অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে থাকবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার যেহেতু ভাত-কাপড় নিয়ে চিন্তা নেই। আমি বিশ্বাস করি আমার নেতাকর্মীরা টেন্ডারবাজি-চাঁদাবাজি করবে না। তাই এমপি হয়ে আমি স্বাধীনভাবে কাজ করতে পারব।