খুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ের শেষ দিন গতকাল শনিবার খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনের চারজন প্রার্থীর মধ্যে চারজনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অ স ম জমশেদ খোন্দকার। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে খুলনা-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।
বৈধ চারজন প্রার্থী হলেন, বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আমানুল্লাহ ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. শহিদুল ইসলাম।
তবে, এই অঞ্চলের ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।