জামালপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এ দুই আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) জামালপুর-৪ (সরিষাবাড়ী) ও জামালপুর-৫ (সদর) এ দুই আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
রিটার্নিং অফিসার কার্যলয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন থেকে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
প্রার্থীরা হলেন জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী মোহা.মামুনুর রশিদ জোয়ার্দার ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের হলফনামায় আয়করের তথ্যের কাগজপত্র না থাকায় এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী মো. মাহবুব জামান জুয়েলর রাজনৈতিক দলের ক্ষমতারপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. ইকবাল হোসেন, নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মো. কবির হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আলী আকবর।
জামালপুর-৫ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করে এর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম, হোছনে আরা বেগমের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের তথ্য গড়মিল থাকায় এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী শেখ মো. আক্কাছ আলীর মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় ও আয়করের কাগজপত্র না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এদিকে জামালপুর-৫ (সদর) আসনে বৈধ প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. ইউনুস আহম্মদ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা'আদাত-উল-করীম, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. বাবর আলী খান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মুহাম্মদ ছানোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মো. আমির উদ্দিন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, জামালপুরের ৫টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারের এক শতাংশ সমর্থকের স্বাক্ষরে গরমিল পাওয়া গেছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রস্তাবক ও সমর্থকের স্থলে প্রার্থী নিজেই স্বাক্ষর করায় ও জাতীয় পার্টির প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় ও আয়করের কাগজ না থাকা ও কমিউনিস্ট প্রার্থীর ক্ষেত্রে একই কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে।